এনা অনলাইন : | মঙ্গলবার, ০১ মে ২০১৮ | প্রিন্ট | 782 বার পঠিত
বিশালাকৃতির বিলাসবহুল জাহাজের কথা উঠলেই মনে আসে টাইটানিকের কথা। তবে ‘ওয়েসিস অব দ্য সিজ’-এর আয়তনের কাছে টাইটানিকও শিশু। বিলাসবহুল এ জাহাজটি টাইটানিকের তুলনায় আকারে ৫ গুণ বড়। ২ লাখ ২৫ হাজার ২৮২ টন ওজনের ‘ওয়েসিস অব দ্য সিজ’ লম্বায় ১ হাজার ১৮৭ ফুট ও চওড়ায় ২০৮ ফুট। এছাড়াও পানির নীচে জাহাজটির প্রায় ৩০ ফুট কাঠামো রয়েছে।
‘এসটিএক্স ইউরোপ’-এর তৈরি এই যাত্রীবাহী জাহাজটি রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনালের। এটি নির্মাণে খরচ হয়েছিল প্রায় দেড়শো কোটি ডলার। ২০০৬ সালে ‘ওয়েসিস অব দ্য সিজ’-এর নির্মাণের কাজ শুরু হয়। ২০০৮ সালের নভেম্বরে জাহাজটি প্রথমবারের মতো সমুদ্রে নামে। ২০০৯ সাল থেকে এটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।

‘ওয়েসিস অব দ্য সিজ’ই তখন ছিল আয়তনে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। এখন অবশ্য বৃহত্তম জাহাজ শিরোপা রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনালের আরেকটি প্রমোদতরীর দখলে। নাম ‘হারমোনি অব দ্য সিজ’। ২০১৭ সালের জুনে সমুদ্রে ভাসে জাহাজটি। এটি ‘ওয়েসিস অব দ্য সিজ’-এর চেয়ে মাত্র আড়াই ফুট লম্বা।
২২ তলা ‘ওয়েসিস অব দ্য সিজ’-এ রয়েছে ১৬টি ডেক ও ২ হাজার ৭০০টি বিলাসবহুল কেবিন। ৫ হাজার ৪০০ যাত্রী বহনে সক্ষম জাহাজটিতে রয়েছেন ২ হাজার ১০০ জন কর্মী। জাহাজের পিছনের অংশে রয়েছে ৭৫০ আসন বিশিষ্ট থিয়েটার ও চারটি সুইমিং পুল।
এছাড়াও রয়েছে একটি আস্ত ভাসমান উদ্যান, যেখানে আছে ১২ হাজার চারা গাছ ও ৫৬টি বড় গাছ। ৭ ভাগে বিভক্ত ‘ওয়েসিস অব দ্য সিজ’-এ রয়েছে সেন্ট্রাল পার্ক, পুল, ফিটনেস সেন্টার, একাধিক পানশালা, রেস্তোরাঁ, ক্যাসিনোসহ অনেকগুলো বিনোদন কেন্দ্র।

বিলাসবহুল এ জাহাজে চড়ে উত্তর ক্যারিবিয়ান সাগরে ৯ রাত, ৯ দিন ঘুরতে হলে গুণতে হবে ১ হাজার ৪৫৮ মার্কিন ডলার। আর প্রমোদতরীটির সি ফেসিং স্যুটগুলোর ভাড়া ৩ হাজার ২০০ মার্কিন ডলার। তবে টাকা থাকলেই যে টিকিট মিলবে, তা কিন্তু নয়। ‘ওয়েসিস অব দ্য সিজ’-এ ভ্রমণে করতে চাইলে দেড় থেকে দুই বছর আগেই বুকিং দিতে হবে আপনাকে। সূত্র: জিনিউজ।
Posted ৩:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মে ২০১৮
America News Agency (ANA) | Payel