বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঈদ আসছে : ভিড় জমেছে পার্লারে

এনা অনলাইন :   |   সোমবার, ০৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   1302 বার পঠিত

ঈদ আসছে : ভিড় জমেছে পার্লারে

কড়া রোদ আর ধুলাবালি উপেক্ষা করে এই রোজায় কেউ বেরিয়েছেন ঈদের কেনাকাটায়, কেউবা পেশাগত দায়িত্ব পালনে গেছেন অফিসপাড়ায়। রাজধানীতে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে নিজেদের কাজে প্রতিদিন বেরিয়েছেন। ঈদের বাকি আর দু’দিন। তাই কড়া রোদে জ্বলে যাওয়া ত্বকে সৌন্দর্য ফিরিয়ে আনতে ২০ রোজার পর থেকে কিশোরী-তরুণীরা ভিড় করছেন পার্লারে। প্রতিটি এলাকার অলিগলিতে গড়ে ওঠা পার্লারসহ নামিদামি সব পার্লারেই পড়েছে ‘রূপচর্চা’র হিড়িক।

ঈদের মাহেন্দ্রক্ষণে ফ্যাশনপ্রিয় তরুণীদের পাশাপাশি তরুণরাও ছুটছেন জেন্টস পার্লারগুলোতে। ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পার্লারের ব্যস্ততাও বাড়ছে। সেবা গ্রহীতাদের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে সব পার্লার।

সম্প্রতি র‌্যাবের অভিযানে দেশের স্বনামধন্য পার্লারগুলোতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার ফলে অন্যান্য পার্লারে কিছুটা প্রভাব পড়েছে। অনেকের মধ্যে এ বিষয়ে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজধানীর নতুনবাজারের বাসিন্দা নয়ন তারা বলেন, আগে নিজে নিজেই বাসায় রূপচর্চা করতাম। এখন সময় পাই না। চাকরি করি। বাসায় ফিরে সংসারের কাজ, সব সামলে নিজের জন্য সময় হয় না। ফলে পার্লারই একমাত্র ভরসার জায়গা। অথচ তারা যদি আমাদের সঙ্গে এমন প্রতারণা করেন, তাহলে আমরা কোথায় যাব?

ভাটারা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন লামীম বিউটি পার্লারের স্বত্বাধিকারী আসমা হাসনাত সমকালকে বলেন, বছরজুড়েই আমাদের পার্লারে নারীদের আসা-যাওয়া বেশি থাকে। কম খরচে ভালো ট্রিটমেন্টের কারণেই এই বিউটি পার্লারের সুনাম ধরে রাখতে পেরেছি। সম্প্রতি র‌্যাবের অভিযানের পর থেকে মানুষ একটু আতঙ্কের মধ্যে রয়েছেন। তিনি বলেন, র‌্যাবেরও উচিত বিষয়গুলো ভালো করে খতিয়ে দেখে তবেই তা প্রকাশ করা। এভাবে অভিযানের খবর সর্বত্র ছড়িয়ে দিলে অপরাধীরা যতটুকু শাস্তি পাবেন; তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সৎ ব্যবসায়ীরা।

ঈদ উপলক্ষে লামীম বিউটি পার্লারে বেশ কয়েকটি অফার চলমান রয়েছে। এগুলো হচ্ছে– হোয়াইটেনিং ফেসিয়ালের সঙ্গে পেডিকিউর, মেনিকিউর ও হেয়ার ট্রিটমেন্টে একত্রে ৯০০ টাকা কমে এখন মাত্র দুই হাজার ৪৯৯ টাকায়। বডি ফেসিয়াল শুধু ৮০০ টাকায় করা হচ্ছে।

রাজধানীর পার্লারগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, ঈদ আনন্দ পরিপূর্ণ করে তুলতে তরুণ-তরুণী থেকে মধ্যবয়সী, এমনকি বয়স্করাও ভিড় করছেন ছোট-বড় পার্লারে। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, ব্রণ ট্রিটমেন্ট, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা নিতে নগরীর রূপসচেতন মানুষ এখন ব্যস্ত।

নয়াপল্টনের (৫১ নম্বর হাউস) পিঙ্কপার্ল বিউটি পার্লারের স্বত্বাধিকারী সেতারা বেগম ঝুমু বলেন, এবার অতিরিক্ত গরমে মেয়েদের ত্বকে এক ধরনের র‌্যাশ দেখা দিচ্ছে। পার্লারে আগত নারীদের এ বিষয়ে পরামর্শও দেওয়া হয়। একই সঙ্গে র‌্যাশ কমে গেলে ত্বকে ২০ মিনিটের একটি স্কার্ভাল ম্যাসাজ করা হয়। তিনি জানান, এবার ঈদ উপলক্ষে সেবাগ্রহীতার সংখ্যা গতবারের তুলনায় কম। তবে ২৮ রোজার পর বাড়ছে। ২২ বছর আগে প্রতিষ্ঠিত এই পার্লারে বছরজুড়েই থাকে ব্যস্ততা। তাই সেবাগ্রহীতার উদ্দেশে প্যাকেজ ঘোষণা করেছেন সেতারা। এখানে ফেসিয়ালের সঙ্গে ভ্রু প্লাক ফ্রি, হেয়ার স্পার সঙ্গে মেনিকিউর রিবন্ডিংয়ের সঙ্গে ফেসিয়াল ফ্রি।

মালিবাগের মেহেদি বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও বিউটিশিয়ান সাহেরা সুলতানা রীনা জানান, সৌন্দর্য বা বিউটি কথাটা আমাদের রোজকার জীবনের সঙ্গে প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। তিনি বলেন, এবার তীব্র তাপদাহ থাকার কারণে কর্মজীবী নারীদের ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বেশিরভাগ নারী পোড়া ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পার্লারে ফেসিয়াল করাচ্ছেন। ঈদ উপলক্ষে তার পার্লারের প্যাকেজ ও ছাড় প্রসঙ্গে রীনা বলেন, এবার আমাদের পার্লারে ২৭ রোজা পর্যন্ত তিনটি বিষয় ফ্রি ছিল। তবে ২৮ রোজা থেকে এসব ফ্রি কার্যকর হবে না। ঈদের সাজে সকাল, বিকেল ও রাত– এই তিন সময় হিসাব করে সাজ দিতে হবে। তিনি সকালের ক্ষেত্রে হালকা সাজ, দুপুরের দিকেও সাজটা হালকা ধাঁচের ও রাতে জমকালো সাজে সাজার কথা বলেন।

পার্লারে আগত একই এলাকার ফারিয়া জামান বলেন, এবার ঈদে চুলের সাজে ভিন্নতা আনতে হেয়ার রিবন্ডিং করছি। এ ক্ষেত্রে আমার চুল হিসেবে খরচ পড়ছে পাঁচ হাজার টাকা। তারপরও ঈদে আলাদা ‘লুক’-এর জন্যই চুলের সাজে পরিবর্তন আনছি। সেই সঙ্গে ফেসিয়াল, হোয়াট হারবাল, পেডিকিউর ও মেনিকিউর করাব।

ঈদ উপলক্ষে মেহেদি বিউটি পার্লারে সব গ্রাহকের জন্য রেখেছেন হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে ফেয়ার পলিশ, চুল কাটার সঙ্গে মেহেদি পরানো ও ফেসিয়ালের সঙ্গে ভ্রু প্লাক ফ্রি। ঈদ উপলক্ষে এখানে হেয়ারকাট প্যাকেজে লেয়ার কাট ১৫০ টাকা, বলিয়ম লেয়ার ২০০ টাকা, লং লেয়ার ১২০ টাকা, শট লেয়ার ১৮০ টাকা, সামনে লেয়ার ৮০ টাকা, কেদার কাট ৬০ টাকা, ইউ কাট ৭০ টাকা, ভি-কাট ৮০ টাকা, থ্রি স্টেট ১৫০ টাকা, সমান ৪০ টাকা, হেয়ার রিবন্ডিং তিন হাজার থেকে ১০ হাজার টাকা, খোঁপা ১৫০ থেকে ৫০০ টাকা, বেণি পাম ৩০০ থেকে এক হাজার টাকা নেওয়া হচ্ছে।

ঈদকে সামনে রেখে হারমনি স্পাতে ভেষজ স্পা থেরাপি দেওয়া হচ্ছে। এর তিনটি প্যাকেজ– যার দাম পড়বে দুই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের তিনটি আয়ুর্বেদিক প্যাকেজ রয়েছে- যার দাম পড়বে আড়াই থেকে চার হাজার টাকা পর্যন্ত।

রাজধানীর জেন্টস পার্লারেও ভিড় লক্ষণীয়। পারসোনা এডামস, হেয়ারোবিকস গ্রুমিং পার্লার, হাবিব আলভিরাজ বিউটি কেয়ারসহ ছোট-বড় পার্লারে চুল কাটা, শেভ, ফেসিয়ালসহ নানা পরিচর্যায় ব্যস্ত থাকতে দেখা গেছে ছেলেদের। পারসোনা এডামসে চুল কাটিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম রেজা খান। তিনি বলেন, কাটা ও শেভ করার পাশাপাশি হারবাল ফেসিয়ালও করিয়েছি।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1637 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997