অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 982 বার পঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসীর হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
সোমবার বেলা ১২টার দিকে দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে স্মাটকার্ড তুলে দেন সিইসি।
এসময় স্মাট জাতীয় পরিচয়পত্র পেয়ে অনেকেই আনন্দে কেঁদে ফেলেন।
স্মাটকার্ড বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘ছিটমহলের অধিবাসীরা অনেক কষ্ট করেছেন। এজন্য নাগরিকত্ব প্রমাণের এই অনন্য দলিল আপনাদের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এটি আপনারা সযত্নে রাখবেন। নিজেদের চেষ্টায় আপনারা সুপ্রতিষ্ঠিত হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘এখন শুধু ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হচ্ছে। এখন যাদের বয়স ১৮ নিচে ভবিষ্যতে যখন তারা ভোটার হবেন তখন তাদেরকেও পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ও মোহাম্মদ আবু হাফিজ, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল আলম ও চম্পা খাতুন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেসমিন টুলি, যুগ্ম-সচিব (আইন) ড. মোঃ শাহজাহান ও কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ প্রমূখ।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোওয়ার হোসেন জানান, গত বছরের ৩১ জুলাই মধ্যরাত থেকে কুড়িগ্রাম জেলায় ভারতের ১২টি ছিটমহল অন্তর্ভূক্ত হয়েছে। এসব ছিটমহলের ৮ হাজার ৯৬৬ জন অধিবাসীকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়া হয়েছে। এরপর চলতি বছরের ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে তথ্য ফরম পূরণ, ১৭ থেকে ২৫ জুলাই পর্যন্ত ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্যাদি গ্রহণ এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
এই বিলুপ্ত ছিটমহলগুলোর ভোটার সংখ্যা দুই হাজার ৯৪৪ জন। এদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এদিন ছোট কামাতের পূর্ব দক্ষিণ অংশ, পশ্চিম উত্তর অংশ ও দক্ষিণ রাবাইতারীর ৯৮৫ জন ভোটারের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করার বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি, ভোটার তালিকা তৈরির জন্য সদ্য বিলুপ্ত ছিটমহলগুলো অন্তর্ভূক্ত হয়েছে এমন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রাখা হয়েছিল। এখন এই ইউনিয়ন পরিষদগুলো নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর এগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সদ্য বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel