অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট | 1399 বার পঠিত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার ৫ দশমিক ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এ সময় মৌলভীবাজারের কমলগঞ্জে কয়েকটি স্থানে মাটি ফেটে পানি ও বালু বেরিয়ে এসেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অন্তত দুই শতাধিক বাড়িঘর ও রাস্তায় ফাটল দেখা দেয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল ৩টা ৯ মিনিট ২ সেকেন্ডেদেশের বিভিন্নস্থানে এ ভূমিকম্পটি আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশ-ভারত সীমান্তে। ঢাকার আগারগাঁওয়ের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ১৭৬ কিলোমিটার পূর্বে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসায় ভূপৃষ্ঠের ৩৬ দশমিক ২ কিলোমিটার গভীরে। বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি উৎপত্তিস্থলে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পে খেলার মাঠসহ উপজেলার অর্ধশতাধিক স্থানে মাটি ফেটে পানি ও বালু বেরিয়ে আসে। এ ছাড়া কমলগঞ্জ পৌরভবন, উপজেলা প্রশাসন চত্বরে জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামসহ দুই শতাধিক বাড়িঘরে ফাটল দেখা দেয়। অডিটোরিয়ামের পূর্বদিকের অংশ দেবে গেছে। ভূমিকম্পে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
সরেজমিনে বি
ভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পৌর এলাকার ৬নং ওয়ার্ডে মুহিবুর রহমানের জমির বিশাল অংশ জুড়ে ফাটল দেখা দিয়েছে এবং ভূগর্ভস্থ বালু ও পানি বের হচ্ছে। এ ছাড়া কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, রামপাশা গ্রামের ধানিজমি, কমলগঞ্জ ভূমি অফিস সংলগ্ন ধানিজমি, আদমপুরের হেরেঙ্গা বাজার, আদমপুরের ঘোড়ামারা গ্রামসহ কমপক্ষে অর্ধশতাধিক স্থানে মাটি ফেটে পানি ও বালি বেরিয়ে আসে। এক-একটি ফাটল কমপক্ষে ১০ ফুট থেকে ৫০ ফুট পর্যন্ত লম্বা।ভূমিকম্প: কমলগঞ্জে মাটি ফেটে বেরিয়ে এলো পানি-বালু
এ ছাড়া উপজেলার ভানুগাছ, নছরতপুর, পশ্চিম বালিগাঁও, শিমুলতলা, হীরামতি, রায়নগর, মাধবপুর, কুমড়াকাপন, চৈতন্যগঞ্জ, নারাইনপুর, চিৎলিয়া, রানীরবাজার, জালালপুর, রামপুর, কান্দিগাঁও, পতনঊষার, আদমপুরসহ বিভিন্ন গ্রামে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ভয় ও আতঙ্ক।
তা ছাড়া ভূমিকম্পে হেরেংগা বাজারের পশ্চিমে বনগাঁও রাস্তায় ধলাই নদীর পাড়ে, পৌর এলাকার কুমড়াকাপন গ্রামের রাস্তা, রানীরবাজার এলাকার একটি রাস্তাসহ বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।
ভানুগাছ পৌরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সমকালকে বলেন, ‘ভূমিকম্পে ভানুগাছ বাজারের গাউছিয়া আরমান হার্ডওয়ার দোকানের গ্লাস ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বাজারের ১৫/২০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে।’ভূমিকম্প: কমলগঞ্জে মাটি ফেটে বেরিয়ে এলো পানি-বালু
এদিকে, দেয়াল ধস, ইটের আঘাত ও বৈদ্যুতিক তাঁরে জড়িয়ে আহত হয়েছে অন্তত ১০ জন। বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে শমশেরনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মরিয়ম বেগম (৪০) আহত হয়েছেন। দেয়ালের খসেপড়া ইটের আঘাতে পৌরসভার বড়গাছ এলাকার আমিন মিয়া (৪৫) ও তার স্ত্রী আহত হয়েছেন। আধাপাকা ঘরের দেয়াল ধসে আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল গ্রামের উজ্জল সিংহ (২০) নামের এক যুবক আহত হয়েছে। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গুরুতর আহত দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভূমিকম্পের খবর পেয়ে পৌর এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল আলম। ক্ষতিগ্রস্ত এলাকায় লোকজনের ভিড় বাড়ছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে।ভূমিকম্প: কমলগঞ্জে মাটি ফেটে বেরিয়ে এলো পানি-বালু
কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ সমকালকে বলেন, ‘জীবনে এভাবে ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প অনুভব করিনি।’ খোঁজ নিয়ে জানা গেছে, কমপক্ষে দেড় শতাধিক বাড়িঘরের ফাটল দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এদিকে, সন্ধ্যায় কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক জানান, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পৌরভবন ও জেলা পরিষদ অডিটোরিয়ামসহ অসংখ্য বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সার্বিক তথ্য উপজেলা প্রশাসন থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel