এনা: | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1027 বার পঠিত
এশিয়ার সাত দেশের চলচ্চিত্র নিয়ে শুরু হলো দুদিনের এশীয় চলচ্চিত্র উত্সব। ‘দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র’ শ্লোগানে উত্সবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব। এ উত্সবে প্রদর্শিত হবে বাংলাদেশ, ভারত, চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং ও জাপানের ৭টি চলচ্চিত্র। এই সাত দেশের খ্যাতিমান নির্মাতাদের বিচিত্র বিষয়ের সাতটি ছবি দিয়ে সাজানো হয়েছে উত্সব।
গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে উত্সবের সূচনা হয়। প্রধান অতিথি হিসাবে উত্সব উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাবে ‘এশীয় চলচ্চিত্র পাঠ’ শীর্ষক স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।
সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরোয়ার ফারুকী, অভিনেতা ফেরদৌস আহমেদ, ফিল্ম ক্লাবের মডারেটর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী বক্তব্য রাখেন।
আরেফিন সিদ্দিক বলেন, মনের সংকীর্ণতা দূর করে মানব সভ্যতার সঙ্কট নিরসনই চলচ্চিত্রের মূল কাজ। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার হতে পারে।
উদ্বোধনী দিন সোমবার দুপুর দেড়টায় দেখানো হয় চীনের চলচ্চিত্র ‘হাউজ অব ফ্লাইং ড্যাগার্স’। বিকাল ৪টায় প্রদর্শিত হয় দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘থ্রি আয়রন’। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হয় ভারতের চলচ্চিত্র ‘পিকে’। আজ মঙ্গলবার শেষ দিনে সকাল ১১টায় প্রদর্শিত হবে হংকংয়ের ছবি ‘ইন দ্য মুড ফর লাভ’। বেলা দেড়টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘আ সেপারেশন’। বিকাল ৪টায় প্রদর্শিত হবে জাপানের চলচ্চিত্র ‘স্পিরিটেড অ্যাওয়ে’। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে তারেক মাসুদ নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রানওয়ে’। প্রতি চলচ্চিত্রের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। প্রদর্শনী শুরুর আগে টিএসসি থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাবে। ভিজিট করতে হবে http://ticketchai.com ঠিকানায়।
চারুকলায় সত্যজিত্ রাজনের একক প্রদর্শনী
শুরু হয়েছে তরুণ চিত্রশিল্পী সত্যজিত্ রাজনের প্রথম একক প্রদর্শনী ‘নক্ষত্র গুহা ও ছায়াপথের ত্বক’। গত রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ উদ্বোধন হয় সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী আবুল বারক আলভী, বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং অধ্যাপক চিত্রশিল্পী জামাল আহমেদ।
প্রদর্শনীতে স্থান পায় মোট ৫৭টি চিত্রকর্ম। এর মধ্যে ১৮টি পেন স্কেচ, ১১টি তেলরঙ এবং বাকি ২৮টা মিশ্র মাধ্যমে আঁকা।
২ অক্টোবর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রদর্শনীটি কিউরেট করেন শিল্পী রনি আহম্মেদ।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel