>>

আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   616 বার পঠিত

আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন

কথা দিয়েছিলেন আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। বড় পর্দায় নিজেকে তুলে ধরবেন ভিন্ন ভিন্ন চরিত্রে। সে কথা রেখেছেন নন্দিত অভিনেত্রী অপু বিশ্বাস। দাম্পত্য জীবনের ঝড়-ঝাপ্টা পেরিয়ে নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। অভিনয় ক্যারিয়ার ও পরিবার দু’দিকেই আছে তার সমান নজর। এ নিয়ে লিখেছেন- রাসেল আজাদ বিদ্যুৎ

কী যে দুষ্টু তা বলার মতো নয়। ছোট্ট তুলতুলে পা; ক’দিন সে পায়ে ভর দিয়ে দাঁড়ানো শিখেছে। অথচ এখনই ও দৌড়ূতে চায়। দাঁড়িয়ে থাকাটা যেন ভালোই লাগে না তার। এক পা, দু’পা করে হাঁটে আর মুখে ফুটিয়ে তোলে খুশির ফোয়ারা। আব্রামের এই কান্ড-কারখানা দেখে আমিও হাসি। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখের দিকে। দুরুদুরু কাঁপন জাগে বুকে; হাঁটতে গিয়ে কখন না জানি পড়ে যায়। এ জন্যই কখনও চোখের আড়াল করতে চাই না। সারাক্ষণ আগলে রাখি ওকে। হাঁটি হাঁটি পায়ে এগিয়ে এসে ও যখন কোলে ঝাঁপিয়ে পড়ে- তখন কী প্রশান্তিতে বুকটা ভরে যায় তা বলে বোঝানো যাবে না। মা-বাবা না হলে কেউ এ অনুভূতি বুঝবে বলেও মনে হয় না। তাই তো ওর জন্য যেমন জীবন দিতে পারি, তেমনি যে কোনো ত্যাগ স্বীকার করে নিতেও পারি। তাই তো আত্মজকে চোখের আড়াল করে অভিনয়ে মেতে উঠতে পারিনি। জানতে চেয়েছিলেন, কেন দেড় বছর চলচ্চিত্র অঙ্গনে পা রাখিনি? এটাই সেই কারণ। অপু বিশ্বাসের এ কথায় বোঝা গেল কেন তিনি দেড় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। মা হিসেবে অপু এটুকু ত্যাগ স্বীকার করতেই পারেন। সে সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজেকে আড়াল করতে হয়েছে, ছুটে যেতে হয়েছে পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে, যার পিতার অধিকার আদায়ে লড়তে হয়েছে বীর সেনানির মতো, সেই নাড়ি ছেঁড়া ধনকে কে চায় চোখের আড়াল করতে? অপুও চান না। তাই অপুর অভিনয়ে বিরতি অযৌক্তিক বলে মনে হয় না। যদিও অপু এই বিরতিকে বিরতি বলতে নারাজ। তিনি বলেন, মাঝে যে সময়টা আমি চলচ্চিত্র অঙ্গনে পা রাখিনি, সে সময়ে আমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করেছি। স্ত্রীর মর্যাদা পাওয়া থেকে শুরু করে মাতৃত্বের স্বাদ- অনেক কিছুই পেয়েছি। এটাও জেনেছি, বড় পর্দায় আমাকে দেখতে ভক্তরা কতটা ব্যাকুল। সে কারণে মাঝের এই সময়টা এ জীবনের সবচেয়ে স্ট্মরণীয় সময়, যা আমৃত্যু ভুলে যাওয়ার নয়। তাই যে ক’দিন ক্যামেরার সামনে দাঁড়াইনি তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’ অপুর আক্ষেপ না থাকলেও ভক্তরা তো কিছুটা হতাশ ছিলেন, সেটা নিশ্চয় জানতেন? এর উত্তর দিতে গিয়ে অপু স্বীকার করলেন, তিনি জানতেন। আর সে কারণেই ভক্তদের প্রতীক্ষার প্রহর দীর্ঘ না করে ফিরে এসেছেন চলচ্চিত্রের আঙ্গিনায়। আব্রামের এক বছর পূর্ণ হওয়ায়, শুটিংয়ে ফেরার এই সাহস পেয়েছেন। তারপরও অপু কাজের মধ্যেও বারবার আব্রামের খোঁজ-খবর নেন। তার এই কথায় জানতে চাওয়া হয়েছিল, আব্রামের বাবা শাকিব খানও নিশ্চয়ই সন্তানের জন্য এতটাই নিবেদিত? ‘কেন নয়, ও তো বাবা। আমার মতো শাকিবও প্রতিক্ষণ আব্রামের খোঁজ-খবর নেয়। এই তো সেদিন পুবাইল গিয়েছিলাম ‘পাংকু জামাই’ ছবির শুটিং করতে। আমি বাইরে থাকব দেখে শাকিব ছুটে গিয়েছিল আব্রামের কাছে। ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে। অভিযোগ করেছে ওর বিরুদ্ধে, ছেলে নাকি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাবাকে ভিজিয়েও দিয়েছে কয়েক বার।’ অপুর মুখে এসব কথা শুনে বোঝা গেল দাম্পত্য জীবনটা তার সুখেই কাটছে। যদিও ছেলের জন্মদিনে শাকিবের না থাকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেসব প্রশ্ন অবান্তর বলে জানান অপু। তার কথায়, শাকিব ব্যস্ততার কারণেই সেদিন আসতে পারেনি। তাই বলে আব্রামের প্রতি তার ভালোবাসা বিন্দুমাত্র কমে গেছে, এটা ভাবা ভুল। এককথায় শাকিব দায়িত্বশীল একজন বাবা। স্বামী এবং সন্তানের বাবা হিসেবে শাকিব কেমন- সেটা তো জানা হলো, এবার জানতে চাই, অভিনেতা শাকিবের হিসেবে আপনার চোখে শাকিব যেমন? এর উত্তরে অপু বলেন, ‘দেশের সব চলচ্চিত্র দর্শক জানেন, শাকিব কত বড় মাপের অভিনেতা। এ নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই।’ বড় মাপের অভিনেতা বলেই কি রেকর্ড সংখ্যক ছবিতে জুটি হয়েছেন? জুটি হওয়ার বিষয়টি কিন্তু দর্শকের চাহিদার ওপর নির্ভর করে। দর্শক চেয়েছেন বলেই চলচ্চিত্রে জুটি হয়ে রেকর্ড করেছি। ১২ বছরের ক্যারিয়ারে ৫৬টি ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছি। পৃথিবীর আর কোনো জুটি একসঙ্গে এত ছবিতে অভিনয় করেছেন বলে আমার জানা নেই। তাই তো ক’দিন ধরে ভাবছি, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করব। আমার দৃঢ় বিশ্বাস, এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে।’ এ কারণেই কি অন্য কারও সঙ্গে জুটি হিসেবে আপনাকে দেখা যাবে না? এর জাবাবে অপু বলেন, ‘এটি নির্ভর করছে সময়ের ওপর। ভবিষ্যতে কী হবে জানি না। যদি কখনও অন্য কারও সঙ্গে জুটি হই, সেটা তো লুকানো থাকবে না, সবাই জানবেন। অনেক কথা হলো, এবার জানতে চাই, অভিনয়ে ফিরে নিজেকে এবার কোন অবস্থানে দেখতে চান? ‘আমার তো নতুন করে অবস্থান তৈরি করার কিছু নেই। যেসব দর্শকের হূদয়ে জায়গা পেয়েছি, অভিনয় দিয়ে তাদের মনে চিরস্থায়ী আসন গড়ে নিতে চাই।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997