>>

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮   |   প্রিন্ট   |   564 বার পঠিত

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়

দ্বিতীয় রাউন্ডে যেতে জয় ছাড়া কোনো বিকল্প পথ খোলা ছিল না জার্মানির। সেই লক্ষ্য পূরণ করতে পারলেন না ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে ২ গোল হজম করে বিদায় নিলেন তারা। তাদের কান্নার ম্যাচে ২-০ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। আগের ২ ম্যাচে হারলেও ফুটবল পরাশক্তিকে পরাজিত করে বড় ধরনের আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরছেন কোরিয়ানরা।
কাজান এরেনায় শুরুতেই দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগে মুহুর্মুহু আক্রমণে ত্রাস ছড়ায় দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জার্মানি। প্রথম সুযোগ পায় ৬ মিনিটে। দারুণ এক শট নেন মার্কো রেউস। তবে তা বারের পাশ দিয়ে চলে যায়। ১৪ মিনিটে টনি ক্রুসের দারুণ এক ক্রসে অসাধারণ হেড নেন স্যামি খেদিরা। কিন্তু দুর্ভাগ্য ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়দের! বল চলে যায় পোস্ট ঘেঁষে।

কাউন্টার অ্যাটাকে ১৯ মিনিটে প্রথম সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। ফ্রি কিক থেকে দুর্দান্ত শট নেন জাং উ ইয়ং। প্রথম দফায় তা রুখতে পারেননি গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার, হাত থেকে ফসকে যায় বল। তা থেকে ফিরতি শট নেন সন হিউং মিন। এবার লুফে নেন স্পাইডারম্যান। পরক্ষণেই কর্নার কিক থেকে ভেসে আসা বলে বজ্রগতির শট নেন সন হিউং। তবে তা বারের ওপর দিয়ে চলে যায়। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে গোলমুখ খুলতে পারেনি কেউ। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে পড়ে জার্মানি। ঘন ঘন আক্রমণে উঠেন চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে খেলা ওপেন হয়ে যায়। কাউন্টার অ্যাটাকে ওঠার সুযোগ পায় দক্ষিণ কোরিয়ায়ও। তবে বেশিরভাগ সুযোগ পেয়েছেন জার্মানরা। কিন্তু ভালো ফিনিশারের অভাবে গোল পাননি তারা। পাল্টা আক্রমণে বেশ ক’টি সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। তবে একই সমস্যার কারণে ৯০ মিনিট পর্যন্ত গোল পাননি কোরিয়ানরাও। এতে খেলা গোলশূন্য ড্রতে শেষ হবে বলে মনে হচ্ছিল।

তবে নাটকের তখনো ঢের বাকি ছিল। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জার্মানির জালে বল জড়ান কিম ইয়ং গুন। এতে রাশিয়া বিশ্বকাপ থেকে মেসুত ওজিলদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। পরক্ষণেই ঠিকানায় বল পাঠিয়ে তাদের সলিলসমাধি ঘটান সন হিউং–মিন।

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় যেন নিয়মে পরিণত হয়েছে। ২০১০ বিশ্ব আসরের গ্রুপপর্ব থেকে বিদায় নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। ২০১৪ সালে বিদায় ঘণ্টা বাজে স্পেনের। এবারো ব্যত্যয় ঘটল না। প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন জার্মানরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997