এনা অনলাইন : | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ | প্রিন্ট | 492 বার পঠিত
ডেনমার্কের সঙ্গে শেষ ম্যাচ ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রাখল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এদিকে সি গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে পেরু সান্ত্বনার জয় পেয়েছে।
ফ্রান্স অবশ্য ম্যাচে আধিপত্য বিস্তার করেই খেলেছে। বল পজেশন, আক্রমণ সব দিক থেকেই এগিয়ে ছিল দলটি। গোলমুখে শট নেয়ার দিক থেকেও ডেনমার্ক ছিল অনেক পিছিয়ে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।
ফ্রান্স বল নিয়ন্ত্রণে ছিল শতকরা ৬৮ ভাগ। শট নিয়েছে ১১টি। অপরদিকে ডেনমার্ক ৩২ শতাংশ বল নিয়ন্ত্রণের পাশাপাশি শট নিয়েছে মাত্র চারটি। তবে ফাউল করার দিক থেকে দুটি দলই ছিল সমানে সমান। দুটি দলই বিপরীত পক্ষকে ১০বার করে ফাউল করেছে। তবে গোলের খেলায় ফলাফল নির্ধারিত হয় গোল দিয়েই। আর সেই সমীকরণে দু’দলই কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি। যে কারণে গোলশূন্য ড্র’তে শেষ হয়েছে ম্যাচটি।
গ্রুপপর্বের সবক’টি ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে ফ্রান্স শীর্ষে রয়েছে। অপরদিকে ডেনমার্ক ৫ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ রানার্সআপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে পেরুর অর্জন তিন পয়েন্ট। অস্ট্রেলিয়ার ঝুলিতে পড়েছে এক পয়েন্ট। অবশ্য পেরু ও অস্ট্রেলিয়া দু’দলেরই বিদায় হয়ে গেছে।
Posted ১১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
America News Agency (ANA) | Payel