এনা অনলাইন : | রবিবার, ২৪ জুন ২০১৮ | প্রিন্ট | 555 বার পঠিত
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘এইচে’ আন্ডার ডগ ছিল জাপান এবং সেনেগাল। অথচ দুই আন্ডার ডগই গ্রুপের বড় দুই দলকে শিকার করে নিজেদের প্রথম ম্যাচে। সেনেগাল নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে জিতলেই দ্বিতীয় রাউন্ড এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে যায়। আর এশিয়ার প্রতিনিধি জাপান হারায় গ্রুপের সেরা দল কলম্বিয়াকে। রোববারের ম্যাচে কালিনিনগ্রাদে তাই সেনেগালকে হারাতে পারলে তারাও চলে যেত দ্বিতীয় রাউন্ডে। কিন্তু ২-২ গোলের সমতায় দু’দলেরই দ্বিতীয় রাউন্ডের অপেক্ষা বাড়ল।
প্রথমার্ধে এই দুই দলের কেউই এগিয়ে যেতে পারেনি। জাপান-সেনেগাল ম্যাচটি প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়।এরপর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গোল করে এগিয়ে যায় সেনেগাল। এগিয়ে যায় তাদের দ্বিতীয় রাউন্ডের আশাও। কিন্তু জাপান তাদের সে আশায় আবার জল ঢালে। সেনেগাল গোল করার ৭ মিনিট পর আবার সমতায় ফেরে নীল সামুরাইরা। ওই সমতায় শেষ হয় ম্যাচটি।
ম্যাচের ১১ মিনিটের মাথায় সেনেগাল প্রথম জাপানের জালে গোল দেয়। জাপান গোলরক্ষকের ভুলে গোল পেয়ে যান লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। নিচু হয়ে গোলের দিকে আসা বলটি জাপান গোলরক্ষক সহজেই নিয়ন্ত্রনে নিতে পারতেন। কিন্তু বিপদ মুক্ত করতে গিয়ে মানের পায়ে মেরে বসেন বলটি। ১-০ গোলে পিছিয়ে যায় জাপান। এরপর ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরায় জাপান ফুটবলার উনুই।
তবে বল দখলের হিসেবে পুরো ম্যাচে সেনেগালের থেকে এগিয় ছিল জাপান। হোন্ডা-ওসাকোরা নতুন তিকিতাকার ঝলক শুরু করেন। আর সেই ঝলকে তাদের পায়ে বল ছিল ৫৭ ভাগ। তবে আক্রমণে এগিয়ে ছিল সেনেগাল। তারা জাপানের গোলমুখে মোট ১২টি শট নেয়। সেখানে জাপান গোলে শট নিতে পারে মোটে ৫টি। তবে জাপানের সুযোগগুলো ছিল গোল দিয়ে এগিয়ে যাওয়ার মতো।
‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে জাপান মুখোমুখি হবে পোল্যান্ডের। আর সেনেগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে। তাদের ম্যাচটি আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া আজ রোববার রাত ১২টার ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড-কলম্বিয়া। তাদের মধ্যে যে দল হারবে তারাই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেবে। আর পোল্যান্ড-কলম্বিয়ার মধ্যে কোন দল হারলে স্বপ্ন আরও প্রশন্ন হবে জাপান-সেনেগালের জন্য।
Posted ১১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ জুন ২০১৮
America News Agency (ANA) | Payel