এনা, অনলাইন : | বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ | প্রিন্ট | 569 বার পঠিত
পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি জানান, পয়লা বৈশাখে বর্ষবরণে এবার কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান মহানগরীতে উন্মুক্ত স্থানে হবে। বিকলে পাঁচটার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। তবে রবীন্দ্রসরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।
মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে বেরিয়ে রূপসী বাংলা হয়ে আবার টিএসসি ঘুরে চারুকলায় শেষ হবে। প্রবেশপথগুলোতে মেটাল ডিটেক্টর থাকবে।
তবে মঙ্গল শোভাযাত্রা কেন্দ্র করে চারপাশে নিরাপত্তাবলয় দেয়া হবে জানিয়ে তিনি বলেন, মাঝখানে কেউ এসে মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পারবে না। কেউ মুখোশ ব্যবহার করতে পারবে না। মুখোশ হাতে ধরে রাখতে পারবে। যাদের হাতে মুখোশ থাকবে, তাদের তালিকা চারুকলা থেকে দেওয়া হবে বলেও জানান পুলিশ কমিশনার।
নববর্ষের অনুষ্ঠানে ভুভুজেলা নিষিদ্ধ করেছে পুলিশ কমিশনার। এ ছাড়া কোনো ধরনের ভ্যানিটি ব্যাগ, ট্রলি, ব্যাগ, হাতব্যাগ, নেইলকাটার, দাহ্য বস্তু নিয়ে শোভাযাত্রা বা অনুষ্ঠানে ঢোকা যাবে না। ইভ টিজিং প্রতিরোধে বিশেষ দল নববর্ষের অনুষ্ঠানে কাজ করবে। ছায়ানটের অনুষ্ঠান উপলক্ষে জোরালো নিরাপত্তা দেয়া হবে।
Posted ২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮
America News Agency (ANA) | Payel