অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 1122 বার পঠিত
একুশে পদক প্রাপ্ত প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলায় তার গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আব্দুর রহমান সরদার এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ৫ আসামি হলেন- গাড়িচালক মো. হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সি (পলাতক) ও মো. রাসেল (পলাতক)।
এছাড়াও মামলার অপর আসামি মো. সবুজ খানকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে ২০ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য ২৮ মার্চ দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডে ৬৩ নম্বরের নিজ বাসায় খুন হন ফটো সাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। চার তলার ওই বাড়ির তৃতীয় তলায় তিনি একাই বসবাস করতেন।
২০১৪ সালের ২৫ মার্চ আফতাব আহমেদের গাড়িচালক মো. হুমায়ুন কবিরসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৩ এর উপ-পরিদর্শক আশিক ইকবাল। ২০১৪ সালে ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিভিন্ন সময় ২০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে আফতাব আহমেদ সাংবাদিকতা শুরু করেন। আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
Posted ১১:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel