অনলাইন ডেস্ক : | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট | 455 বার পঠিত
র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ নেই। যে মাথা উঁচু করবে, তার মাথা ধ্বংস করে দেওয়া হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি জঙ্গিমুক্ত রাখা হবে। দেশের মানুষ শান্তিপ্রিয়, তারা শান্তিতে বিশ্বাস করে।’
শনিবার বিকেলে গোপালগঞ্জ সুইমিংপুল ও জিমনেশিয়াম অডিটরিয়ামে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো হামলার আশঙ্কা আছে কি-না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলেকশন কমিশনের দায়িত্ব পালনে আমরা সহায়তা করব। তবে এ বিষয় নিয়ে এখনও কথা বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।’
আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ঢাকা জেলা দলকে ২১-১৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের ডিজি।
Posted ২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel