মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘গান মেলা’

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৩ মে ২০১৭   |   প্রিন্ট   |   694 বার পঠিত

প্রথমবার আয়োজনেই বাজিমাত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো ‘গান মেলা’ আয়োজন করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন ‘গানের ফেরিওয়ালা’ ও ‘সখীরে’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী তানভীর শাহীন। নিজে গাননি, কিন্তু তার গানের মেলায় গান গেয়ে সঙ্গীতপিপাসূদের মন তৃপ্ত করেছেন একঝাঁক তারকাশিল্পী। আর দেশের বাইরে এই প্রথমবার একমঞ্চে গান গাইলেন ‘পাগল মন’ খ্যাত কিংবদন্তী সঙ্গীত শিল্পী দিলরুবা খান ও তার মেয়ে শিমুল খান।
মা ও মেয়ের পরিবেশনা ছাড়াও ‘গান মেলা’য় দর্শক মাতিয়ে রাখেন পপসঙ্গীত শিল্পী জানে আলম, লালনখ্যাত সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, জনপ্রিয় ব্যান্ড মাকসুদ ও ঢাকা এবং উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও রানো নেওয়াজ। সন্ধ্যায় শুরু হয় গান মেলা এবং তা চলে গভীর রাত পর্যন্ত।
ঢাকায় ফিরতে হবে বলে মাকসুদ ও ঢাকা ব্যান্ড দিয়ে শুরু হয় গান মেলার মুল অনুষ্ঠান। ভোকালিস্ট মাকসুদ একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গানগুলো, যা ব্যাপক প্রশংসিত হয়। বিশেষ করে তার ‘মেলায় যাইরে’ গানের সঙ্গে নেচে গেয়ে মাতোয়ারা হন দর্শক-শ্রোতারা।
মাকসুদ ও ঢাকা ব্যান্ড বিদায় নেওয়ার পর মিনিটে পাঁচেকের বিরতি ছিল অনুষ্ঠানে। অনেকে ভেবেছিলেন অনুষ্ঠান বুঝি আর প্রাণ পাবে না। কিন্তু সেই অনুষ্ঠান চলেছে মধ্যরাত পর্যন্ত। এমনকি প্রতিটি শিল্পীর গান দারুণ উপভোগ করেছেন দর্শক-শ্রোতারা।
প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ পরিবেশন করেন দুটি গান। এরপর মঞ্চে আসেন উত্তর আমেরিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব। তিনি দর্শকদের নাচিয়ে রাখেন সারাক্ষণ। শাহ মাহবুবের পর গাইতে মঞ্চে আসেন দিলরুবা খানের মেয়ে শিমুল খান। তিনি দুটি গান পরিবেশনের পর একটি ব্যান্ডের গান পরিবেশন করেন। ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটির সঙ্গে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা।
লালনখ্যাত চন্দনা মজুমদার পর পর চারটি গান পরিবেশন করে যখন মঞ্চ থেকে বিদায় নেবেন, ঠিক তখনই আসতে থাকে দর্শকদের একের পর এক অনুরোধ। পরে তিনি সাতটি গান পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন দিলরুবা খান। চারটি গান গাওয়ার পর তিনি মঞ্চে ডাকেন মেয়ে শিমুল খানকে। তাকে সঙ্গে নিয়ে পরিবেশন করেন হাসন রাজার একটিসহ দুটি গান।
সবশেষে মঞ্চ কাঁপাতে আসেন পপসঙ্গীত শিল্পী জানে আলম। তার গান গভীর রাত পর্যন্ত মাতিয়ে রাখে দর্শক শ্রোতাদের। প্রবাসের জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তিকার আবীর আলমগীরের উপস্থাপনায় এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ও বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য সাদী মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক সঙ্গীতশিল্পী তানভীর শাহীন বলেন, এ ধরনের অনুষ্ঠান প্রবাসে প্রথম। আমি গানের মানুষ। তাই প্রবাসীদের ভাল কিছু গান উপহার দেওয়ার জন্যই এ আয়োজন। তিনি বলেন, অনুষ্ঠানের প্রত্যেক শিল্পীই বাংলাদেশের জনপ্রিয়। প্রবাসে বসে তাদের গান শোনাটাও আমাদের জন্য সৌভাগ্যের। একজন শিল্পী হিসাবে ভবিষ্যতে আরো বড় আকারে গানের মেলা করবেন বলে জানান তানভীর শাহীন। গান মেলার সহ-আয়োজক ছিল নিউইয়র্কের মাটি ব্যান্ড।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997