শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

রমজানে বাজার স্বাভাবিক থাকলে পুরস্কার পাবেন ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ০১ মে ২০১৭   |   প্রিন্ট   |   789 বার পঠিত

রমজানে বাজার স্বাভাবিক থাকলে পুরস্কার পাবেন ব্যবসায়ীরা

এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখলে ব্যবসায়ীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, পর্যাপ্ত পণ্য মজুদ আছে। এ অবস্থায় রমজানকে সামনে রেখে কোনো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই। এর পরও কোনো পণ্যের দাম বাড়ানো হলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বাজার স্বাভাবিক রাখতে রমজানজুড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তদারকি করা হবে।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে নিত্য পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলের তৈরি একটি প্রতিবেদন তুলে ধরেন তিনি। প্রতিবেদনে চাল, গম, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, ছোলা, খেজুর, পেঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য মসলার বাজারমূল্য বিশ্লেষণ করা হয়। তোফায়েল আহমেদ বলেন, বাজারে কড়াকড়ি থাকলে ভালো ফল হয় না। ব্যবসায়ীদের সঙ্গে বাড়াবাড়ি নয়, সুসম্পর্ক রেখে দাম স্বাভাবিক রাখা সম্ভব। হঠাৎ পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীরা জানিয়েছেন ডলারের মূল্যবৃদ্ধির কারণেই দাম কিছুটা বেড়েছে। তবে এটা ক্ষণস্থায়ী। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ডলারের দাম ৮২ টাকায় নামানো হয়েছে। এ বাড়তি দাম বেশিদিন থাকবে না, আরও কমবে। তিনি আরও বলেন, হাওরের বন্যায় ধানের ক্ষতি হওয়ার অজুহাতে চালের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন চাল ব্যবসায়ী ও মিল মালিকরা। যৌক্তিকভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। ভোক্তা স্বার্থ সংরক্ষণে সরকার যথেষ্ট সচেতন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ফরমালিন নিয়ে এখন কোনো আলোচনা নাই। বাংলাদেশ এখন ফরমালিন মুক্ত। কোনো পণ্য সংরক্ষণে ফরমালিন ব্যবহারের সুযোগ নেই।
সাম্প্রতিক সময়ে চিনির দাম বৃদ্ধির বিষয়ে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে এটা হয়েছে। ডলারের দাম ৮০ টাকায় ফেরত এলে পণ্যের দাম আগের মতোই থাকবে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, তেল-চিনির পর্যাপ্ত মজুদ আছে। জাহাজেও প্রচুর পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। তিনি জানান, তাদের চিনির কারখানা রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আছে। দ্রুত এটা চালু হবে। এ বিষয়ে সিটি গ্রুপের চেয়ারম্যান বলেন, মিল বন্ধ থাকলেও সরবরাহ দ্বিগুণ করা হবে।
পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, খুচরা ও পাইকারি বাজারের মধ্যে পার্থক্য যাতে খুব বেশি না হয়, সেদিকে নজর দিতে হবে। এ জন্য তিনি সরকারের বিভিন্ন বাহিনীকে কাজে লাগানোর প্রস্তাব দেন। ট্যারিফ কমিশনের সদস্য মো. আব্দুল কাইয়ুম বলেন, ভোজ্যতেল ও চিনির সরবরাহ লাইন ঠিক আছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কোনো প্রবণতা নেই।
ডাল ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কিছু ব্যবসায়ী বেশি দামে ছোলা কিনে বেশি দামে বিক্রি করছেন। এ বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দাম নির্ধারণ করে দিতে চাই না। বাজারে কেউ বেশি দামে ছোলা বিক্রি করতে পারবেন না। কারণ ছোলারও অতিরিক্ত মজুদ আছে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা বলেন, খুচরা মূল্য পাইকারির বিবেচনায় যৌক্তিক হতে হবে।
ঢাকা চেম্বারের আইন-শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ক্যাপ্টেন নুরুল হক (অব.) পণ্য পরিবহনে রাস্তায় চাঁদাবাজির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, রাস্তাঘাটে অনেক সময় চাঁদাবাজি হয়। অনেক ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়াবাড়ি করে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক হুমায়ুন কবির বলেন, নিত্যপণ্য পরিবহনের ক্ষেত্রে গাড়ি আটকানো হয় না। বাহিনীর কেউ নিয়মবহির্ভূত কাজ করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রোজা উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু ১৫ মে :রমজান সামনে রেখে বাজারদর স্থিতিশীল রাখতে আগামী ১৫ মে থেকে খোলাবাজারে নিত্য পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। বৈঠকে এ তথ্য জানান টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া। তিনি বলেন, বরাবরের মতো এবারও পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করা হবে। গত বছরের মতো চলতি বছরেও দুই হাজার ৮১১ জন পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করবেন। একই সঙ্গে সারাদেশে ১৮৫টি খোলা ট্রাকে পণ্য বিক্রি করা হবে।

সম-

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997