অনলাইন ডেস্ক : | সোমবার, ০১ মে ২০১৭ | প্রিন্ট | 903 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ‘ফেস দা নেশন’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ‘অনেক বুদ্ধিমান নেতা’ বলে উল্লেখ করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিমের বাবা মারা যাবার পর ২৬-২৭ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন। এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন, সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে, কিন্তু কিম সেটা ধরে রেখেছেন, অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এরকম মন্তব্য করলেন। এর একদিন আগেই শনিবার উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়। এর একদিন আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালু রাখলে সংঘাত শুরু হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা এখনো বাতিল হয়ে যায়নি। উত্তর কোরিয়া যদি ক্রমাগত পারমাণবিক পরীক্ষা চালু রাখে তাহলে এমনটি হতেও পারে।
সিবিএস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে সতর্ক করে বলেছেন, পিয়ংইয়ং যে সংঘাতের সূচনা করছে তাতে লাখ লাখ মানুষ মারা যেতে পারে।
তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
টেলিভিশন অনুষ্ঠানে পিয়ংইয়ংয়ের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে আলোচনা করতে রাজী হননি ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি
Posted ১১:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০১ মে ২০১৭
America News Agency (ANA) | Payel