এনা : | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউজার্সির ফ্লোরেন্স টাউনশিপে গত ৬ এপ্রিল (রবিবার) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় আই-২৯৫ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি প্রবাসী শরফুদ্দিন (৩৬) এবং তার ৮ বছর বয়সী শিশুকন্যা রামিছা—ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেক গাড়িচালক ২৯ বছর বয়সী এক নারীও মারা যান। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দুই গাড়ির সংঘর্ষে এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গত ৬ এপ্রিল রাতে আই-২৯৫ মহাসড়কের উত্তর দিকে যাত্রারত হুন্ডাই সান্তা ফে ও হুন্ডাই টুসকন নামের দুটি গাড়ি মাইলপোস্ট ৫০.৬ এর কাছে ছিল। হঠাৎ সান্তা ফে গাড়িটি ডান দিকের গার্ডরেলে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তায় ফিরে এসে টুসকন গাড়িটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড বেগে দুটি গাড়িই রাস্তা থেকে ছিটকে গিয়ে বেশ কয়েকটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে টুসকন গাড়ির চালক ৩৬ বছর শরফুদ্দিন এবং গাড়িতে থাকা তার ৮ বছর বয়সী শিশু রামিছা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া হুন্ডাই সান্তা ফে থাকা ২৯ বছর বয়সী এক নারীসহ গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া ওই নারীও মারা যান। হাসপাতালে ভর্তি হওয়া বাকী দুইজনের অবস্থাও আশংকাজনক। রবিবার রাতে বাংলাদেশি প্রবাসী এ পরিবারটি পাশের ডেলোয়ারা রাজ্য থেকে নিউজার্সির এলিজাবেথ শহরে যাচ্ছিলেন। তাদের দেশের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, নিউজার্সিতে গাড়ি দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। রাজ্যের পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক বছরে এখানে ২ লাখ ৭৬ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে প্রায় ৬০ হাজার মানুষ আহত হয়েছেন। নিরাপদ ড্রাইভিং ক্যাম্পেইন, যানবাহন নির্মাতাদের নিরাপত্তা উদ্যোগ এবং কঠোর ট্রাফিক আইন সত্ত্বেও রাজ্যজুড়ে এ ধরনের দুর্ঘটনায় প্রতিবছর হাজারো প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। এই ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ গাড়ি চালানোর সময় সতর্কতা ও ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
Posted ১০:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
America News Agency (ANA) | ANA