শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

শেষ বিতর্কে ট্রাম্প ও বাইডেনের তুমুল বাকবিতণ্ডা

এনা অনলাইন :   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   354 বার পঠিত

শেষ বিতর্কে ট্রাম্প ও বাইডেনের তুমুল বাকবিতণ্ডা

নির্বাচনের ঠিক ১২ দিন আগে অনুষ্ঠিত শেষ বিতর্কেও রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে তুলাধোনা করলেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

স্থানীয় সময় ২২ অক্টোবর রাত ৯টায় টেনেসি অঙ্গরাজ্যের নাশভিল নগরীর বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি হন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ৯০ মিনিটের এ বিতর্কে করোনা, আমেরিকান ফ্যামিলি, বর্ণবিদ্বেষ, জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা এবং নেতৃত্ব – এ ছয়টি বিষয় নির্ধারণ করা হয়।

এবার বিতণ্ডা হলেও প্রথম বিতর্কের মতো বিশৃঙ্খল ছিল না। দুজনই অনেকটা শান্ত আর ঠান্ডা মেজাজে একে অপরকে আক্রমণ করেছেন। সময় নিয়ে কথা শুনেছেন একে অপরের। বাধাহীনভাবে কথা বলতে এবারের বিতর্কে ‘সুইচ অফ’ করে অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে বলে আগেই জানিয়েছিলেন আয়োজকেরা।

মূলত করোনা নিয়েই বেশি বিতণ্ডা হয়েছে দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর। ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবিলার ব্যর্থতা নিয়ে এবারও তাকে তুলাধোনা করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা মোকাবিলায় তার গৃহীত পদক্ষেপের উল্লেখ করেন। তিনি জানান, এসব পদক্ষেপের ফলে রক্ষা করা গেছে অনেক জীবন। কিন্তু মাইক জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে জো বাইডেন তা খণ্ডন করেন। ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, ট্রাম্প করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখেছেন। এর দায়িত্ব নিচ্ছেন না। বাইডেন বলেছেন, যার সময়কালে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দুই লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করা উচিত হবে না।

জো বাইডেন ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ট্রাম্প। কিন্তু বাইডেন করোনা নিয়ে আক্রমণ করতেই থাকেন। তিনি বলেন, ‘এতগুলো মৃত্যুর জন্য যে প্রেসিডেন্ট দায়ী তার আবারও প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা উচিত নয়। ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘ভয়াবহ পরিস্থিতি আমরা পার করেছি।’

করোনার ভ্যাকসিন নিয়ে আবারও বিভ্রান্তিকর মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। নির্বাচনের আগেই ভ্যাকসিন আসবে বলে এর আগেও বিভ্রান্তি তৈরি করেছিলেন তিনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছরের মাঝামাঝি ছাড়া ভ্যাকসিন পাওয়া সম্ভব নয়।

শীতের আগমনে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে উদ্বেগজনকভাবে বেড়েছে করোনার সংক্রমণ। কিন্তু আবারও লকডাউনের পক্ষে নন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ব্যবসা আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পক্ষে মত দেন। তার মতে, করোনাভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখেছেন আমেরিকানরা।

বর্ণবাদ প্রসঙ্গ তোলা হলে বাইডেন এর নির্মূলে সব ব্যবস্থা নেবেন জানিয়ে ট্রাম্পকে আক্রমণ করে বলেন, আধুনিক যুগের প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে বর্ণবাদী প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প উল্টো দাবি করে বলেন, এই কক্ষে এখন যারা অবস্থান করছেন তাদের মধ্যে সব কম বর্ণবাদী মানুষটি হলেন তিনি।

জাতীয় নিরাপত্তা ইস্যুতে জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো দেশ যদি মার্কিন নির্বাচনের ক্ষেত্রে হস্তক্ষেপ করে যে তিনি নির্বাচিত হলে ‘তার মূল্য দিতে হবে। এটা আমেরিকার সার্বভৌমত্বের প্রশ্ন।’ গত নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের প্রসঙ্গই তুলেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি পরিবেশ ভালোবাসেন। প্রত্যাশা করেন পরিষ্কার পানি ও বাতাস। তার ভাষায়, আমাদের আছে সবচেয়ে ভালো, সর্বনিম্ন কার্বন নির্গমন। কিন্তু চীন ও রাশিয়াকে এ ক্ষেত্রে ‘নোংরা’ বলে অভিহিত করেন তিনি। জবাবে বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে নৈতিক বাধ্যবাধকতা আছে আমাদের। ট্রাম্পকে আরো চার বছর রাখা হলে দূষণ নির্মূল বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমস্যায় ফেলবে। বাইডেন দাবি করেন, তিনি জলবায়ু-বিষয়ক যে পরিকল্পনা নিয়েছেন, তাতে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

সাধারণত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। কিন্ত ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় বিতর্কটি বাতিল হয়েছিল। চূড়ান্ত বিতর্ক সঞ্চালনা করেন এনবিসি নিউজের হোয়াইট প্রতিনিধি ক্রিস্টেন ওয়েকার।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997