শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

থানায় বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই : পুলিশ

এনা অনলাইন :   |   বুধবার, ২৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   540 বার পঠিত

থানায় বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই : পুলিশ

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়।

বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের কালশি কবরস্থান এলাকা থেকে তিন সন্ত্রাসীকে আটক করা হয়, যাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ওয়েট মেশিন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। বস্তুটি পরীক্ষার জন্য সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপকে ডাকা হয়। এরই মধ্যে থানা পুলিশ সেটি পরীক্ষার জন্য গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে চারজন পুলিশ কর্মকর্তা ও থানার একজন সিভিলিয়ান কর্মচারী আহত হন। পরবর্তীতে ওই বক্স বা প্যাকেট সদৃশ বস্তুর মধ্যে আরও বিস্ফোরক পাওয়া যায়, যেগুলো এক্সপার্টরা নিষ্ক্রিয় করে থানাকে ঝুঁকিমুক্ত করেছেন।

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, এই সন্ত্রাসীরা মিরপুর বেইজড অপরাধী। এদের সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এছাড়া পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছিল, তার সঙ্গে এটির সম্পর্ক নেই। এই পেশাদার অপরাধীরা কারও জমি দখল বা কাউকে মেরে পালানোসহ যেকোনো অপরাধ কর্মকাণ্ড করে পালানোর সময় এগুলো ব্যবহার করতে পারে অথবা পুলিশকে বিভ্রান্ত করার মতলবও থাকতে পারে।

বিষয়টির বিশদ তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার।

প্রসঙ্গত, বুধবার সকালের দিকে পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

থানায় বোমা বিস্ফোরণে আহত রিয়াজের কবজি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছে। তার বাম হাতের কবজি বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

ঢামেকের ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় আহত ৫ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা রুমি ও সিভিল রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এছাড়া তার ডান হাতের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিও রাখা যায়নি। তার পেটে বড় ধরনের ইনজুরি আছে। আর পুলিশ কর্মকর্তা রুমির পায়ে ও হাতে ইনজুরি আছে।

তিনি বলেন, তারা সবাই স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, আহত রিয়াজ পল্লবী থানায় সিভিল হিসেবে কাজ করত।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৩৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997