এনা অনলাইন : | সোমবার, ০৮ জুন ২০২০ | প্রিন্ট | 436 বার পঠিত
যুক্তরাষ্ট্রে ক্রমেই জোরদার হচ্ছে বর্ণবৈষম্যবিরোধী আন্দোলন। বর্ণবাদ ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে শনিবার ওয়াশিংটন ডিসিতে কয়েক লাখ মানুষ জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। এছাড়া নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে আন্দোলন অব্যাহত আছে। সাম্প্রতিক বিক্ষোভে দোকানপাট লুটের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু প্রবাসী ব্যবসায়ী।
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ওপর পুলিশি বর্বরতার প্রতিবাদে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হন কয়েক লাখ মানুষ। এ সময় সবার কণ্ঠে ছিল বর্ণবাদবিরোধী স্লোগান। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ এবং ‘নো জাস্টিস, নো পিস’সহ বর্ণবাদবিরোধী প্ল্যাকার্ড নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান আন্দোলনকারীরা।
রাজধানীর পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে প্রতিবাদ অব্যাহত আছে। ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো, সিমি ভ্যালি, সান দিয়েগোসহ বিভিন্ন শহরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।
কারফিউ উপেক্ষা করে নিউইয়র্কে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে রাস্তার পাশাপাশি বিভিন্ন পার্কে সমাবেশ করেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ চলাকালে সংঘবদ্ধ একদল দুস্কৃতকারী দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও লুটপাট করে। এতে নিউইয়র্ক, বোস্টন, মিনিয়াপোলিসসহ বিভিন্ন স্থানে বাংলাদেশি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার প্রবাসী ব্যবসায়ীরা।
ব্যবসায়ী আবুল হোসেন মুন্না বলেন, আমার গাড়িটা পর্যন্ত ভেঙে ফেলেছে।
মো. হুমায়ুন কবীর নামের আরেক ব্যবসায়ী বলেন, কোথাও একটা ওষুধ পর্যন্ত পাচ্ছি না। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন মূলধারার নেতারা। তারা বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।
রিপাবলিকান সমর্থিত ব্যবসায়ী লুৎফর রহমান হিমু বলেন, আমরা ৩০ জনের একটা তালিকা বানিয়েছি, এটা আমরা সাবমিট করব।
পুলিশি নির্যাতন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে এদিন লুজিয়ানা, ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়।
Posted ১১:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
America News Agency (ANA) | Payel