এনা ডেস্ক : | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট | 693 বার পঠিত
বাংলাদেশে অবস্থিত বিশেষ সুবিধাপ্রাপ্ত বিদেশিদের কেউ কেউ রাজস্ব আদায়ে সহযোগিতা করছেন না বলে অভিযোগ তুলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, বিশেষ সুবিধা প্রাপ্ত বিদেশিদের একটি অংশ রাজস্ব আদায়ে সহযোগিতা না করে বরং রাজস্বহানি ঘটিয়েছেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দেশে অবস্থিত কিছু কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি শুল্ক গোয়েন্দা দল এ রকম বেশ কয়েকটি গাড়ির মালিককে চিহ্নিত করেছে। এর মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্মকর্তা, ইউএনডিপি’র সাবেক কান্ট্রি ডিরেক্টরও রয়েছেন। একাধিক গাড়ি জব্দও হয়েছে। আরো বেশকিছু বিদেশি নাগরিকের বিষয়ে তদন্ত চলছে। ইস্যুটিকে ইঙ্গিত করে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।
এ সময় বক্তারা ভোক্তা ও জনগণের অবস্থা বিবেচনা করে ভ্যাট আরোপের পরামর্শ দেন। সেই সঙ্গে সরকারি বিভিন্ন কার্যক্রমে দেশীয় সফ্টওয়্যার ব্যবহার না করায় অসন্তোষও জানান সংশ্লিষ্টরা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), আইপিএবি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টঅয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ ব্যাংক, যৌথ মূলধনী কোম্পানির সঙ্গে অংশীদারিত্বমূলক ওই সংলাপের আয়োজন করে এনবিআর। এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনা/ইতে/পিএম
Posted ৯:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel