এনা অনলাইন : | রবিবার, ২৬ আগস্ট ২০১৮ | প্রিন্ট | 831 বার পঠিত
নগরীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের ঈদে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ফলে রাজধানীতে উল্লেখযোগ্য কোন বড় অপরাধ সংঘটিত হয়নি।
রোববার রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর বাসসের
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি।’
তিনি বলেন, আমরা নিজেরা ঈদের ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন শৃংখলা রক্ষা করেছে।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, শুধু ঢাকা সিটিতে না, সারাদেশে উল্লেখযোগ্য কোন বড় অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল।
তিনি বলেন, ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমূখর পরিবেশে নিজ নিজ গৌন্তব্যে ঢাকা ছেড়েছেন।
কমিশনার বলেন, ঈদের ছুটিটা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ। ঈদে অধিকাংশ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাঁকা থাকে। এ সময় যাতে চুরি-ডাকাতি না হয় সেই জন্য থানা পুলিশের টহল ডিউটি বাড়ানো হয়।
তিনি বলেন, সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা এবং পবিত্র ঈদ-উল-আযহায় পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী ডিএমপিসহ বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের দায়িত্বে কোথাও কোন ব্যত্যয় ঘটেনি। ভবিষতেও আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।
পেশাদারিত্বের সাথে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সকলকে ধন্যবাদ দেন ডিএমপি কমিশনার। ঈদ পুনর্মিলনীতে আগত ঢাকা মহানগর পুলিশের সকল স্তরের পুলিশ কর্মকর্তাদের ঈদের শুভেচ্ছা জানান তিনি ।
Posted ৬:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ আগস্ট ২০১৮
America News Agency (ANA) | Payel