এনা অনলাইন : | বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১৮ | প্রিন্ট | 644 বার পঠিত
সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে আলটিমেটাম। রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের দু’টি সংগঠন। শনিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে রোববার থেকে প্রেস ক্লাবে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠন দু’টি।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
‘সাংবাদিকদের ওপর হামলা ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপের’ প্রতিবাদে যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
সমাবেশে বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু এখনও হামলাকারীদের কাউকে গ্রেফতার করা হয়নি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে তাদের ওপর পুলিশ ও সন্ত্রাসীদের দিয়ে হামলা করানো হয়েছে। হামলা হলে কি সাংবাদিকরা ছবি তুলবেন না?’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম, ইলিয়াস খান, গোলাম মোস্তফা প্রমুখ।
Posted ১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১৮
America News Agency (ANA) | Payel