এনা অনলাইন : | বুধবার, ০৬ মে ২০২০ | প্রিন্ট | 268 বার পঠিত
দফায় দফায় বাড়ছে সাধারণ ছুটি। মানুষকে ঘরে রাখার জন্য ছুটি বাড়লেও ঘরে থাকছে না মানুষ। ঢাকার রাস্তায় রাস্তায় বেড়েছে মানুষের চলাচল। পাবলিক বাস বাদে মোটামুটি সব ধরনের গাড়িই চলছে রাস্তায়। গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে অল্প-বিস্তর যানজটও দেখা দিতে শুরু করেছে। গাবতলী, আব্দুল্লাপুর, সায়েদাবাদ, সাইনবোর্ডের মতো ঢাকার প্রবেশমুখগুলোয় যেমন যানজট হচ্ছে, তেমনি ঢাকার ভেতরে কাকলি, মহাখালী, বাড্ডা, রামপুরা, মতিঝিলের মতো এলাকাগুলোতেও মাঝেমধ্যেই লেগে যাচ্ছে গাড়ির জটলা।
এপ্রিলের শুরু থেকে ঢাকায় মানুষের প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা শুরু থেকেই ভাঙতে দেখা গেছে। ছুটির মেয়াদ যত বেড়েছে, ততই বেড়েছে নিষেধাজ্ঞা অমান্যের প্রবণতা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও শুরুর দিকের তুলনায় মানুষের অবাধ চলাচলে কিছুটা ছাড় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
কয়েক দিন ধরে ঢাকার প্রবেশমুখগুলোয় অবাধে যানবাহন ঢুকতে-বের হতে দেখা যাচ্ছে। গাড়ির পাশাপাশি হেঁটেও ঢাকায় ঢুকছেন কিংবা বের হচ্ছেন অনেকে। তবে গাড়ি প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে। প্রবেশপথগুলোয়ও রয়েছে চেকপোস্ট। এই চেকপোস্টগুলোর কারণে প্রবেশমুখগুলোয় দিনের বেশির ভাগ সময় গাড়ির জটলা লেগে থাকছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে ঢাকার প্রবেশপথে গতকালও ছিল যানজট।
সাধারণ ছুটির প্রথম দিকে ঢাকার রাস্তায় অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও গণমাধ্যমের গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহন চলত না। কিন্তু গতকালের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। বাস বাদে বাকি সব ধরনের গাড়িই চলতে দেখা গেছে। সবচেয়ে বেশি বেড়েছে প্রাইভেট কার চলাচল।
সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বেড়েছে আগের তুলনায়। মোড়ে মোড়ে রিকশার পাশাপাশি মোটরসাইকেলচালকদের যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকার বিভিন্ন পয়েন্টে কয়েক দিন ধরেই অল্প-বিস্তর যানজট হচ্ছে।
গতকাল সকাল থেকেই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন মতিন মিয়া। এর মধ্যে ফার্মগেট থেকে বিমানবন্দর ও বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত দুটি ট্রিপও দেন তিনি। তিনি জানিয়েছেন, মহাখালী ফ্লাইওভার থেকে নামার পর বিভিন্ন পয়েন্টে যানজট পেয়েছেন। এর মধ্যে কাকলি সিগন্যালে তো টানা ৫-৭ মিনিট আটকে থাকতে হয়েছিল। দু-একটি বাদে ঢাকার প্রায় সব সিগন্যালেই একটু একটু করে যানজট ফিরতে শুরু করেছে বলে জানান তিনি।
Posted ২:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
America News Agency (ANA) | Payel