এনা অনলাইন : | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | প্রিন্ট | 263 বার পঠিত
বাংলাদেশে অবস্থানরত ২৬৯ জন ব্রিটিশ নাগরিক গতকাল ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ব্রিটিশ নাগরিকরা ঢাকা ত্যাগ করেন। বিকেল ৪টা ৫ মিনিটে প্রথম দফায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন তারা।
আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল ব্রিটিশ এয়ারওয়েজের আরো তিনটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে লন্ডন যাবে। এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার ৪৪ জন। মৃত্যু হয়েছে ১৭ হাজার ৩৩৭ জনের। আর চীনে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৫৮ জন। মৃত্যু হয়েছে চার হাজার ৬৩২ জনের। এদিকে করোনাভাইরাসে অন্যান্য দেশের মতো বিপর্যস্ত বাংলাদেশ। সরকারি হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৮২ জন। আর মারা গেছে ১১০ জন। সুস্থ হয়েছে ৮৭ জন।
উল্লেখ্য, গত বছরের শেষদিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে পুরো বিশ্বে এখন লকডাউন চলছে। তারপরও প্রতিনিয়ত বেড়ে চলছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
Posted ১:০৬ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
America News Agency (ANA) | Payel