ঢাকা : | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 647 বার পঠিত
সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আজ মঙ্গলবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সংবাদমাধ্যমকে জানান, বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাত ৮টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে যান তিনি।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের সংবাদ মাধ্যমকে জানান, প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে নৈশভোজে অংশ নেন ওবায়দুল কাদের। নৈশভোজ ছাড়াও তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক হয়।
ওই সাক্ষাতের সমালোচনা করে বিএনপি বলেছিল, এর মধ্য দিয়ে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার ষোড়শ সংশোধনী বাতিলের রায় গত ১ অগাস্ট প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতির সমালোচনায় মুখর সরকারের মন্ত্রী-এমপিরা।
রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের রাজনীতি, সংসদ, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে যে মত দিয়েছেন তার আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel