অনলাইন ডেস্ক : | শুক্রবার, ২১ জুলাই ২০১৭ | প্রিন্ট | 768 বার পঠিত
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় মামলা করেছে পুলিশ।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে করা মামলায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার বিক্ষোভ থেকে আটক ১৩ শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলেও জানান ওসি।
পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজ।
শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একপর্যায়ে কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে তাদের তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। লাঠিপেটায় কয়েকজন আহত হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ১৩ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
Posted ১০:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০১৭
America News Agency (ANA) | Payel