অনলাইন ডেস্ক : | শনিবার, ১৭ মার্চ ২০১৮ | প্রিন্ট | 567 বার পঠিত
বাংলাদেশে প্রথমবারের মতো কলেজ শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে রোবটিক্স প্রতিযোগিতা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাপান দূতাবাস, জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন (জেইটিআরও) ও আইসিটি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় জাপানের এডুকেশন টেকনোলোজি কোম্পানি ভেনচুরাস লিমিটেড এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে।বাংলাদেশের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর নতুন ক্যাম্পাসে মার্চের ২১ এবং ২২ তারিখে এই রোবটিক্স প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় ১৫টি কলেজ অংশগ্রহণ করবে।কলেজগুলো হচ্ছে- নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, হলি ক্রস কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বি এ এফ শাহীন কলেজ, ট্রাস্ট কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এসওএস হারমান মেইনার কলেজ, সেইন্ট জোসেফ কলেজ এবং চিটাগং গ্রামার স্কুল, ঢাকা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদলকে পুরষ্কার হিসেবে দেওয়া হবে ১লক্ষ টাকা।দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১০০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। প্রতিযোগিতার প্রথমদিনে ওয়ার্কশপের আয়োজন করা হবে। এতে থাকবে ক্যারিয়ার সেমিনার, প্যানেল ডিসকাশন এবং কোডিং ওয়ার্কশপ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মূল প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এদিন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও জাপান এক্সটারনাল ট্রেড অরগানাইজেশন এর বাংলাদেশ প্রধান ডাইসু কে আরাই।একইদিন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।এছাড়াও মূল প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে থাকবেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। আরও থাকবে জাপানের সংগীতদল বাজিনা বিট এর পক্ষ থেকে সংগীত পরিবেশনা। রোবটিক্স প্রতিযোগিতার রিওয়ার্ড পার্টনার হচ্ছে গ্রামীণফোন, মিডিয়া পার্টনার হচ্ছে আরটিভি এবং ডেইলি স্টার, , টেকনিক্যাল পার্টনার হচ্ছে ডাটাসফট বাংলাদেশ ও মনস্টার ল্যাব জাপান।
Posted ১:১২ অপরাহ্ণ | শনিবার, ১৭ মার্চ ২০১৮
America News Agency (ANA) | Payel