অনলাইন ডেস্ক : | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট | 577 বার পঠিত
বাংলাদেশ নিয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে রোবট সোফিয়া। সে বার্তায় সেফিয়া বলেছে, ‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া- হ্যানসন রোবটিকস এর তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আমি অনেক আনন্দের সঙ্গে তোমাদের জানাচ্ছি যে, আমি এবং ড. ডেভিড হ্যানসন এ বছর ঢাকায় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ তে অংশগ্রহণ করছি। এতো বড় একটা ইভেন্টের অংশীদার হবার জন্য আমি উদগ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশকে- আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। আশা করছি- সবার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের রোবট সোফিয়ার ভিডিও বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। ইংরেজিতে পাঠানো ১০ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় সোফিয়া একটি শব্দ বাংলা ব্যবহার করেছে। আর সেটি হলো- ‘ধন্যবাদ’।
হংকংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘হ্যানসন রোবটিকস’এর তৈরি নারী রোবট সোফিয়া। আগামী ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে অংশ নেবে সে। ওই দিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সে। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথা বলবে সোফিয়া।
মেলা উদ্বোধনের পর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেবে সোফিয়া। সঙ্গে থাকবেন সোফিয়া রোবটের ডিজাইনার ডেভিড হ্যানসন । তিনি সোফিয়াকে নিয়ে একটি কারিগরি অধিবেশনে বক্তৃতা করবেন। সেখানে তিনি সোফিয়ার কারিগরি দিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ব্যাখ্যা করবেন। অনুষ্ঠান শেষে সেদিন ঢাকা ছাড়বে সোফিয়া।
প্রসঙ্গত, সৌদি আরবের রিয়াদ নগরীতে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে কৃত্রিম রোবট সোফিয়াকে প্রদর্শন করা হয়। রোবটটি দেখে এবং এর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোফিয়াকে সৌদির নাগরিকত্ব দেয়। এরপর সোফিয়াকে নিয়ে সেখানে তীব্র বিতর্ক শুরু হয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সৌদি নারীর তুলনায় কীভাবে ‘সোফিয়া’ এত বেশি অধিকার ভোগ করছে। এরই মধ্যে রোবট নারী ‘সোফিয়া’র ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
Posted ২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel