এনা অনলাইন : | শুক্রবার, ০১ মে ২০২০ | প্রিন্ট | 633 বার পঠিত
করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ভারতে চলমান লকডাউনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার। শুক্রবার (১ মে) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির অনলাইনে এমন তথ্য জানানো হয়েছে।
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ আগামী ৩ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন নতুন ঘোষণা আসায় এই লকডাউন ৪ মে’র পর আরও দুই সপ্তাহ চলবে।
এছাড়া এ সময়ের মধ্যে বিভিন্ন তৎপরতা পরিচালনায় নতুন নির্দেশনাও দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কী কী কার্যক্রম চালানো যাবে, আর কী যাবে না, তা বলে দেয়া হয়েছে। করোনা সংক্রমণের ওপর ভিত্তি করে জেলাগুলোকে লাল, সবুজ ও কমলা অঞ্চলে ভাগ করে তার ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশটির সরকার জানিয়েছে, যেসব জেলা সবুজ ও কমলা অঞ্চলে পড়বে, সেখানে লকডাউনে উল্লেখযোগ্য শিথিলতা থাকবে। নতুন নির্দেশনার অধীন দেশজুড়ে সীমিত সংখ্যক তৎপরতা নিষিদ্ধ থাকবে। বিমান, রেল ও সড়কে আন্তঃরাজ্য চলাচলও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা বা প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। সেই সঙ্গে রেস্তোরাঁ, হোটেলও বন্ধ থাকবে। বড় জনসমাগমের স্থান যথা সিনেমা হল, শপিংমল, জিম ও ক্রীড়া সংস্থাগুলোও বন্ধ থাকবে।
Posted ১০:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
America News Agency (ANA) | Payel