অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 993 বার পঠিত
পানির অপর নাম জীবন-একথা আমরা সকলেই জানি। তবে এই পানি কখনও কখনও ডেকে আনতে পারে আমাদের শরীরে নানা রোগ। হতে পারে মৃত্যুর পরোক্ষ কারণ। চিকিৎসকদের মতে, মাত্রাতিরিক্ত পানি পানের ফলে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা যেতে পারে।
তারা বলেন, সাধারণভাবে আমাদের মত গরমের দেশে একজন সুস্থ মানুষের দিনে ৮ থেকে ১২ গ্লাস পানি পান করা উচিত। তবে যাদের বেশি কায়িক পরিশ্রম করতে হয়, তাদের বেশি তেষ্টা পায়। তাই যখনই তেষ্টা পাবে তখনই পানি খেতে হবে। আবার কিছু স্বাস্থ্য বাতিকগ্রস্ত মানুষ প্রয়োজনের অতিরিক্ত জলপান করেন। এর ফলে নানান শারীরিক ও মানসিক সমস্যা দেখা যেতে পারে বলে।
ভারতের আনন্দবাজার পত্রিকাকে নেফ্রোলজিস্ট ডা দিলীপ কুমার পাহাড়ি বলেন, প্রয়োজনের অতিরিক্ত পানি পানকে অনেক সময়েই মনের অসুখের পর্যায়ে ফেলা হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে পলিডিপসিয়া। গ্রিক শব্দ পলি এর অর্থ অনেক আর ডিপসিয়া মানে তেষ্টা। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়।
এবার জেনে নেওয়া যাক বেশি পানি খেলে কোন ধরনের সমস্যা হতে পারে।
হাত-পা ফুলে যাওয়া: বেশি পানি পান করলে তা জমে শরীরের বিভিন্ন অংশ (যেমন-পা, হাত, মুখ ইত্যাদি) ফুলে যেতে পারে।
মূত্রাশয়ে চাপ: যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যদি অতিরিক্ত পানি পান করেন তবে মূত্রাশয়ে চাপ পড়ে সমস্যা আরও বাড়তে পারে।
বহুমূত্র: যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে অতিরিক্ত পানি খেলে তাদের বহুমূত্রের সমস্যা বাড়তে পারে। ফলে বার বার বাথরুম দৌড়তে হয়। যা বেশ অস্বস্তিকর ব্যাপার।
মাথা ঝিম ঝিম: বেশি পানি পানের জন্যে রক্তে সোডিয়াম কমে গেলে মাথা ঝিম ঝিম করতে পারে।
লেথার্জি: অতিরিক্ত পানি খেলে লেথার্জি লাগে অর্থাৎ কোনও কাজ করতে ইচ্ছে করে না। সারাদিনই শুয়ে বসে থাকতে ইচ্ছে করে।
আবার যারা প্রয়োজনের অতিরিক্ত জল খান,তারা যদি দু’এক দিন সাত লিটারের পরিবর্তে দুই লিটার পানি খান, তাদের শরীরে অনেক টক্সিন জমে যায়। এর ফলে অসুস্থ বোধ করতে পারেন তারা।
তাই পানি পানের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
Posted ৫:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel