মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

চোখ যে মনের কথা বলে

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২৪ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   752 বার পঠিত

চোখ যে মনের কথা বলে

সুন্দর চোখ অনেক না-বলা কথা বলে দেয়। তুখোড় মৌনতায়ও বুঝে নেওয়া যায় মনের ভাষা। তবে সে ভাষা পড়তেও জানা চাই। সুন্দর চোখ দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। আর কাজল কালো চোখ দেখলেই তার রেখায় হয়তো মন আঁকতে চায় অদ্ভুত কোনো জোছনা! চোখের সাজ নিয়ে লিখেছেন- নওশীন শর্মিলী
এই সময়ে তরুণীরা চোখের সাজের ব্যাপারে সচেতন। ইদানীং কালো ছাড়াও গাঢ় নীল, সবুজ, হালকা নীল, গ্লসি বিভিন্ন রঙের কাজল পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ফ্যাশন লক্ষ করা যাচ্ছে। এর পাশাপাশি আইলাইনার, মাশকারা আর আইশ্যাডোর ব্যবহার তো আছেই।
চোখের সাজের সময় ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব দিতে হবে চোখের আকৃতি ও রঙের ওপর। একেক চোখের সাজ হয় একেক রকম। চোখের সাজ শুরু করার আগে ভ্রুর দিকে নজর দিন। ভ্রুর বাড়তি চুলগুলো উঠিয়ে ফেলতে হবে। তারপর ছোট শক্ত ব্রাশ দিয়ে আঁচড়ে শেপ দিতে হবে। আইব্রো পেন্সিলের হালকা ছোট ছোট টানে ভ্রু-দুটিকে গাঢ় করে নিতে পারেন।
যদিও চোখের সাজ হবে চোখের শেপ অনুযায়ী, তবুও এই পদ্ধতিতে সব রকম চোখই সুন্দর দেখাবে। ভ্রুর নিচ থেকে চোখের ওপরের পাতা, অর্থাত্ আইলিড
অংশটিতে আইশ্যাডোর হালকা প্রলেপ লাগান, ভাঁজ অংশটিতে লাগান গাঢ় করে এবং এটি বাইরের দিকে উঠিয়ে উঠিয়ে মিলিয়ে দিন। আইলিডের ঠিক মাঝখানটিতে ও ভ্রুর নিচে হাইলাইটার লাগান। হাইলাইটারটি ব্রোঞ্জ কালারের হতে পারে। কালো বা রঙিন আইলাইনার দিয়ে চোখের ধার ঘেঁষে আউটলাইন আঁকুন। রেখাটি শুরু হবে চোখের ভিতরের কোণ থেকে এবং ক্রমশ মোটা হয়ে যাবে। বাইরের কোণে সামান্য উঠিয়ে দিন রেখাটিকে। চোখের নিচের পাতায় কাজল লাগান অথবা সামান্য আইশ্যাডো লাগাবেন চোখের বাইরের কোণ থেকে পাতার মাঝখান অবধি। হালকা রঙের পেন্সিলের রেখা যদি টেনে দেন নিচের পাতার ভিতর দিক দিয়ে তবে চোখটিকে সামান্য বড় দেখাবে। এরপর লাগান মাশকারা। প্রথমে ব্রাশটিকে সোজা ধরে চোখের নিচের পাতায় লাগান। স্টিকটি সোজা করে ধরবেন। এরপর ওপরের পাতায় লাগান। ব্রাশটি শুইয়ে ধরবেন এবং উপর দিকে গোল গোল করে ব্রাশ ঘুরিয়ে মাশকারা লাগান। প্রয়োজনে দু-তিন কোট লাগান। সবশেষে চোখের পাপড়িগুলোকে পরিষ্কার ব্রাশ দিয়ে পরস্পর থেকে ছাড়িয়ে নিন।
বড় চোখে আইশ্যাডো লাগানোর সময় চোখের পাতার ওপরে হালকা রঙের শেড লাগিয়ে বাইরের কোণে গাঢ় শেড লাগাবেন। আইলাইনার দিয়ে খুব চিকন করে লাইন আঁকুন। একেবারে পাপড়ির ধার ঘেঁষে এবং চোখের নিচের অংশের কোলে কাজল পরে কিছুটা বাইরে টেনে দিন। এরপর ভ্রু ও চোখের মাঝখানে সাদা অথবা ঘিয়া কালারের শ্যাডো আলতোভাবে ছুঁয়ে দিন। চোখের নিচের ও ওপরের পাতায় গাঢ় আইলাইনার লাগাতে পারেন।
চোখের সাজের ক্ষেত্রে ভিন্নতা আনতে দুই রঙের আইশ্যাডো দিন। পেন্সিল লাইনার চোখের ওপর-নিচ দুই পাতায় লাগানো গেলেও লিকুইড লাইনার শুধু চোখের ওপরের পাতায় লাগান। আইলাইনার মোটা করে লাগাবেন না। এতে চোখকে ভারী ও ক্লান্ত দেখায়। আপনি যদি লেন্স ব্যবহার করেন, মেকআপের শুরুর আগেই তা পরে নিন।
চোখের যত্ন
চোখের সাজের পাশাপাশি নজর দিতে হবে চোখের যত্নের দিকেও। চোখে প্রচুর পানির ঝাপটা দিন। বাইরে থেকে ফিরে ভালোভাবে চোখের মেকআপ তুলুন। যাদের চোখের নিচে কালি পড়ার সমস্যা আছে, তারা শসা চাক করে চোখের পাতায় ২০-২৫ মিনিট রাখুন। গোল আলুর রসও ব্যবহার করতে পারেন। এছাড়া বাজারে বিভিন্ন আইকেয়ার জেল পাওয়া যায়, তা ব্যবহার করতে পারেন। মাঝেমধ্যে ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীতে খুব হালকাভাবে চোখ ম্যাসেজ করতে পারেন। চোখকে বিশ্রাম দিন। দৈনিক অন্তত ছয় ঘণ্টা ঘুমান এবং প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল খান।
আর চোখের জন্য ভালো ব্র্যান্ডের কসমেটিকস; অর্থাত্ লাইনার, কাজল, মাশকারা ও শেড বেছে নিন। কারণ চোখ খুব স্পর্শকাতর। আর একই কসমেটিকস খুব বেশিদিন ব্যবহার না করাই ভালো। যেভাবেই সাজান না কেন আপনার চোখটিকে, তা যেন হয় আপনার জন্য স্বস্তিকর সেদিকে খেয়াল রাখতে হবে। ইচ্ছেমতো রঙের খেলা দুচোখের বৈচিত্র্য খানিকটা হলেও আলাদা করতে পারবে। তবে নজরকাড়া চোখের সাজের পাশাপাশি গয়না ও চুলের সাজ নির্বাচনেও থাকতে হবে সমান সতর্কতা।
হালকা চোখের সাজ
* দিনের বেলায় চোখের সাজ হবে হালকা। চোখের ভারী মেকআপ আরও গরম অনুভূতি দেয়।
* চোখ হাইলাইট করতে আইপেন্সিল ও মাশকারা ব্যবহার করুন। সঙ্গে লাগাতে পারেন বেজ, হালকা ব্রাউন, গ্রে ইত্যাদি হালকা রঙের শেড।
* চোখের সাজে ঔজ্জ্বল্য আনতে ওয়াটার প্রুফ মাশকারা লাগান।
* রাতের সাজে উজ্জ্বল শেড যেমন—নেভি ব্লু, ডার্ক গ্রে, চকলেট, পিচ, মেটাল পিঙ্ক, ডার্ক গ্রিন ইত্যাদি লাগাতে পারেন।
কোথাও বেড়াতে গেলে কীভাবে নিজেকে তৈরি করে নিবেন এবার তাই জেনে নিন। সকালে আর বিকেলের সাজের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে। তাই সাজের সুবিধার্থে সকালের সাজ ও বিকেলের সাজ আলাদা করে দেওয়া হলো।
সকালে সাজবেন যেভাবে
* প্রথমে নজর দিন চোখের উপর। চোখে কাজল এঁকে নিন। আইলাইনার ও মাশকারার ক্ষেত্রে ওয়াটার প্রুফটি বেছে নেবেন।
* আইশ্যাডোর ক্ষেত্রে কাছাকাছি দুটি শেড বেছে নিন। চোখের পাতার ওপরের অংশে লাইট এবং চোখের পাতার মাঝের অংশে ডিপ আইশ্যাডো লাগান।
বিকেলের সাজ
* সন্ধ্যে বা রাতের সাজে একটু গাঢ় রঙের আইশ্যাডো লাগান। এক্ষেত্রে ন্যাচারাল কালার ব্যবহার করার আগে ব্লু ফ্রস্ট আইশ্যাডো বা পার্পল ডিপ ব্যবহার করে দেখতে পারেন।
* চকলেট ব্রাউন, বারগান্ডি ডিপগ্রে প্রভৃতি রংগুলো রাতের জন্য উপযুক্ত।
* আইপেন্সিল দিয়ে চোখ এঁকে নিন।
* চোখের উপরের ল্যাশ লাইন বাড়িয়ে নিন। নিচের দিকে ব্রাউন মাশকারা লাগান।
–ইতে

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997